লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা
লালমোহন নিউজ || এসএসসি-৯৯ লালমোহন উপজেলা ব্যাচের পক্ষ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের হাতে পানি তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে প্রত্যেক পরীক্ষার্থীর হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেন ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। এসময় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন।
এসএসসি-৯৯ ব্যাচের উপস্থিত ছিলেন সাংবাদিক মো. জসিম জনি, সহকারী শিক্ষক মো. পারভেজ, মো. রিয়াদ, হুমায়ুন কবীর স্বরবর্ণ, সাবেক সেনাসদস্য সালাউদ্দিন সাহাজী, ব্যবসায়ী ফয়সাল মিঝি, রফিকুল ইসলাম, ফিজিও থেরাফিস্ট মো. গিয়াস উদ্দিন প্রমূখ।
এসএসসি-৯৯ লালমোহন উপজেলা গ্রুপ এডমিন মো. জসিম জনি জানান, প্রচণ্ড তাপদাহের মধ্যে শিক্ষার্থীরা যখন পরীক্ষায় অংশ নিচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তারা ক্লান্ত হয়ে পড়ছে এবং পানির তীব্র প্রয়োজন অনুভব করছে। এই বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে এক বোতল বিশুদ্ধ পানি তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাদের কিছুটা হলেও ক্লান্তি লাগব এবং তৃষ্ণা নিবারণ হবে। সামনের রবিবার পরবর্তী পরীক্ষায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও একইভাবে পানি বিতরণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্র, এমনকি মাদ্রাসাগুলোতেও এই উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। যেহেতু নিজস্ব তহবিল থেকে এই কার্যক্রম চলবে, তাই ফান্ড থাকা সাপেক্ষে পানি বিতরণ চলমান থাকবে।