স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সহধর্মিণী অধ্যাপিকা দিলারা হাফিজের মৃত্যুতে লালমোহনে বিএনপির তিন দিনের শোক কর্মসূচি 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সহধর্মিণী অধ্যাপিকা দিলারা হাফিজের মৃত্যুতে লালমোহনে বিএনপির তিন দিনের শোক কর্মসূচি 
অধ্যাপিকা দিলারা হাফিজ

মোঃ জসিম জনি ।। 
জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সহধর্মিণী অধ্যাপিকা দিলারা হাফিজের মৃত্যুতে ভোলার লালমোহন ও তজুমদ্দিনে ৩দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। শনিবার বাংলাদেশ সময় ১১ টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন অধ্যাপিকা দিলারা হাফিজ।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ এর সহধর্মিনীর মৃত্যুতে দুপুরে লালমোহন উপজেলা, পৌরসভা বিএনপি জরুরী সভার আয়োজন করে। সভায় শনিবার থেকে ৩দিনের শোক কর্মসূচি গ্রহণ করে উপজেলা ও পৌরসভা বিএনপি।   

বিএনপির পক্ষ থেকে এক শোক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি মহোদয়ের সহধর্মিণী, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপিকা দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তাঁর মৃত্যুতে দলটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মরহুমার আত্মার মাগফিরাত কামনায় এবং শোক প্রকাশের অংশ হিসেবে লালমোহন উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩দিনের কর্মসূচি পালন করা হবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— তিন দিন দলীয় শোক পালন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, উপজেলার মসজিদ-মাদরাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন। এছাড়া ২৯ মার্চ ২০২৬ সকাল ১০টায় দলীয় কার্যালয়ে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের কর্মসূচিতে যথাযথভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল।

উল্লেখ্য, স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ অনেকদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শারিরীক অবস্থা সংকাপন্ন দেখা দিলে শনিবার জরুরী মেডিকেল বোর্ড গঠন করার কথা ছিলো। পরে দুপুর ১১ টা ২৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহুমার জানাযা সোমবার সকাল ১১ টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।